অনুমোদনহীন পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: ফেনীতে চার প্রতিষ্ঠানকে জরিমানা

অনুমোদনহীন পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: ফেনীতে চার প্রতিষ্ঠানকে জরিমানা

জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনীয়া বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার (৪ মার্চ) দুপুরে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

অধিদপ্তর সূত্র জানায়, মাহে রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্য, ফল, ফার্মেসি ও ইফতার সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম চালানো হয়। এ সময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে মেসার্স হাজী স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত অবৈধ পণ্য ধ্বংস করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় মেসার্স তাজুল স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দুই ফার্মেসিকে বড় অংকের জরিমানা করা হয়েছে। লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মেসার্স জসিম মেডিকেল হলকে ৮ হাজার টাকা এবং একই অভিযোগে সেবাগ্রহীতার জীবন বিপন্ন করার মতো অপরাধে মেসার্স মিয়াজী ফার্মেসির মালিক শাহজাহানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে প্রতিটি প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, জনস্বার্থে ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিম এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করেন। অভিযান শেষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

মন্তব্য করুন