সিরাজগঞ্জে রমজান উপলক্ষ্যে তিন শতাধিক পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী

সিরাজগঞ্জে রমজান উপলক্ষ্যে তিন শতাধিক পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিরাজগঞ্জে তিন শতাধিক হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (ফুড প্যাকেজ) বিতরণ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাঁতী সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ।

বিতরণকৃত প্রতিটি খাদ্য প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলাবুট, ১ কেজি খেজুর ও ১ কেজি লবণসহ প্রায় ২২ কেজি ওজনের সামগ্রী। আয়োজকরা জানান, এই খাদ্য সহায়তা একটি পরিবারের কয়েক সপ্তাহের চাহিদা পূরণ করবে এবং রমজানে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অবদান রাখবে। বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস এবং অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ মতিয়ার রহমান, সদর থানা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম এবং জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক মোঃ আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দোস্ত এইড সিরাজগঞ্জ অফিসের পরিচালক এস.এম. আশরাফুল ইসলামসহ স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা। খাদ্য সহায়তা পেয়ে স্থানীয় উপকারভোগীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। সংস্থাটি শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা, দারিদ্র্য বিমোচন, প্রতিবন্ধী পুনর্বাসন, বিনামূল্যে চিকিৎসা, ছানি অপারেশন এবং জরুরি ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সিরাজগঞ্জের এই বিতরণ কার্যক্রম তারই একটি অংশ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন