/ শিল্প-সাহিত্য
রকিব মুহাম্মদ
প্রকাশ:
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ণ

অবশেষে মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত

অবশেষে মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে কবি মোহন রায়হানকে পুরস্কার দেওয়ার ঘোষণা আসার পর বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুরস্কারটি স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

উত্থাপিত অভিযোগসমূহ পর্যালোচনার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। সভায় বিস্তারিত আলোচনার পর প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেয়ার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ মার্চ সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পদক তুলে দেওয়া হবে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ৯ বিশিষ্টজনের নাম ঘোষণা করা হয়। এরপর গত বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যদের হাতে এই পুরস্কার তুলে দেন। পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি হিসেবে কবি মোহন রায়হানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন তার পুরস্কারটি বাতিল করা হয়েছে।

এ বছর পুরস্কারের জন্য মনোনীত অন্য ব্যক্তিরা হলেন কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ ও গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন