‘একুশে পদক’ পেলেন যারা

‘একুশে পদক’ পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি জনপ্রিয় ব্যান্ড দলকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মনোনীতদের হাতে এই সম্মাননা তুলে দেন। এর আগে সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলে যোগ দেন, যা উপস্থিত সুধীমহলে বিশেষ আলোচনার সৃষ্টি করে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত তালিকা অনুযায়ী, এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে সমাজের দর্পণ হিসেবে পরিচিত গুণীজনদের এই রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে। অভিনয় বিভাগে অনন্য অবদানের জন্য পদক পেয়েছেন প্রখ্যাত অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার এবং স্থাপত্য শিল্পে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুমকে এই সম্মাননা প্রদান করা হয়। সংগীতে মরণোত্তর একুশে পদক পেয়েছেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। এছাড়া নৃত্যে অর্থী আহমেদ এবং লোকজ ধারার পালাগানে অসামান্য নৈপুণ্যের জন্য ইসলাম উদ্দিন পালাকারকে রাষ্ট্রীয় এই পদকে ভূষিত করা হয়।

সাংবাদিকতায় দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে পদক পেয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্য শিল্পে তেজস হালদার জসকে এই পদক প্রদান করা হয়। এছাড়াও সংগীতাঙ্গনে বিশেষ করে ব্যান্ড সংগীতের প্রসারে কয়েক দশকের অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ এবার একুশে পদক অর্জন করেছে। পদক বিতরণ শেষে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিজয়ীদের অভিনন্দন জানান এবং দেশ গঠনে তাদের সৃজনশীল ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং দেশের বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন