গোবিপ্রবিতে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি সোহেল, সম্পাদক তাওহীদ

গোবিপ্রবিতে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি সোহেল, সম্পাদক তাওহীদ

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সোহেল হোসেন সভাপতি এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হাবিবকে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গোবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত 'ইফতার মাহফিল ও বিশ্ববিদ্যালয় সম্মেলন-২০২৬' অনুষ্ঠানে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথ পাঠ করান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান।

নবনির্বাচিত কমিটির সভাপতি মো. সোহেল হোসেনের সভাপতিত্বে এবং বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু।

দায়িত্ব গ্রহণের পর সভাপতি মো. সোহেল হোসেন বলেন, “সকল অন্যায়, অত্যাচার, অবিচার ও অনিয়মের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে সোচ্চার থাকব। কুরআন ও শরিয়াভিত্তিক আদর্শকে ধারণ করে আমরা আমাদের সাংগঠনিক ও শিক্ষাবিষয়ক সকল কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, নৈতিক উন্নয়ন ও গঠনমূলক কর্মকাণ্ডে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন