ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে সরকারি নির্দেশনা ও উচ্চ আদালতের আদেশ অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার খবর সংগ্রহ করতে গিয়ে তোপের মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার তিনটি বিদ্যালয়ে সরকারি ছুটির মধ্যেও নিয়মিত পাঠদান কার্যক্রম চলতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, শ্রীপুর উপজেলার মোহাম্মদ আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজ, আলহাজ্ব মোছলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং নিজমাওনা উচ্চ বিদ্যালয়ে নিয়মিত ক্লাস চলছে। তথ্য সংগ্রহ করতে গেলে মোহাম্মদ আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মতিউর রহমান সংবাদকর্মীদের ওপর চড়াও হন।
তিনি উগ্র মেজাজে বলেন, “গার্ডিয়ানদের রিকোয়েস্টে স্কুল খোলা রেখেছি, আগামী ১৫ রমজান পর্যন্ত এভাবেই খোলা থাকবে।” অন্যদিকে, নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার অজুহাতে ক্লাস সচল রাখেন। তবে আলহাজ্ব মোছলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহার ইসলাম আজ থেকেই প্রতিষ্ঠান বন্ধ করার প্রতিশ্রুতি দেন।
সরকারি বিধিবিধানের তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, সরকারি নিয়ম না মেনে প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি বলেন, “সরকারি নির্দেশনা অমান্য করায় সংশ্লিষ্ট স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে (এসএমসি) বিষয়টি জানানো হবে এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”
দেশের সর্বোচ্চ আদালত ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ থাকা সত্ত্বেও প্রধান শিক্ষকদের এমন খামখেয়ালি আচরণকে আইনের প্রতি চরম অবজ্ঞা হিসেবে দেখছেন সচেতন মহল। তাঁরা দ্রুত সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ