ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আগমন করলে তাঁকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছেন দলীয় নেতা-কর্মী ও স্থানীয়রা। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো গৌরীপুর পৌর শহর উৎসবের আমেজে রূপ নেয়।
প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক সমবেত হন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সজ্জিত করা হয় শহরের প্রধান প্রধান সড়ক। এ সময় প্রতিমন্ত্রীর গাড়িবহর পৌঁছালে নেতা-কর্মীরা স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন এবং ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করে নেন। এর আগে গৌরীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
সফরকালে প্রতিমন্ত্রী গৌরীপুর মডেল মসজিদ উদ্বোধন করেন। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বলেন, “আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালন করে এলাকার জন্য ভালো কিছু করতে চাই। মানুষের পাশে থেকে কাজ করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।” তিনি দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ বার ইউনিটের সভাপতি এডভোকেট মোঃ নূরুল হক।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খোঁজখবর নেন। এ সময় ময়মনসিংহ জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর এই সফরকে ঘিরে গৌরীপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ