শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বর্তমান সরকার শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে আন্দোলন করতে হবে না। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সচিবালয়ে ব্রিফিংকালে তিনি এই কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষকদের দাবির বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখব। তবে আপনাদেরও প্রতিজ্ঞা করতে হবে যে আপনারা শিক্ষার গুণগত মান উন্নয়নে কী করবেন। আপনারা শুধু সমস্যাই দেখেন, কিন্তু শিক্ষার মানোন্নয়নে আপনাদেরও ভূমিকা রাখতে হবে।"

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের শতভাগ ঈদ বোনাসের দাবির বিষয়ে মন্ত্রী জানান, বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করা হবে এবং তিনি নিজে এটি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবেন। তবে চলতি বাজেটে এর বরাদ্দ না থাকায় বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন আছে বলে তিনি উল্লেখ করেন।

সারা দেশে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, "মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে আমরা শপথ করেছি যে দুর্নীতি করব না এবং অন্য কাউকেও করতে দেব না। আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে বদ্ধপরিকর।"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন