শিক্ষায় সহযোগিতা বাড়াতে উহান শহরে বাংলাদেশ-চীন বৈঠক
নিজস্ব প্রতিবেদক: গণচীন এবং বাংলাদেশের মধ্যে বিদ্যমান শিক্ষা খাতের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব, শিক্ষক প্রশিক্ষণ এবং যৌথ একাডেমিক গবেষণা এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে চীনের উহান শহরে অবস্থিত হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের কার্যালয়ে অত্যন্ত আশাব্যঞ্জক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক আয়োজিত হয়।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল খালেক। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ফারহান ইস্তিয়াক। অন্যদিকে, চাইনিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের উপমহাপরিচালক ডুয়ান শুহুই। এতে তাদের বৈদেশিক সহযোগিতা ও বিনিময় শাখার গবেষক ওয়াং লিয়াং ও সেবা কেন্দ্রের উপপরিচালক হু বোসহ অন্য কর্মকর্তারা অংশ নেন।
সভার সভাপতিত্ব করেন ডুয়ান শুহুই। স্বাগত বক্তব্যে তিনি হুবেই প্রদেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অর্জিত অগ্রগতি তুলে ধরেন। তিনি প্রকাশ করেন যে, বর্তমানে হুবেই প্রদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। হুবেইতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকদের স্বাচ্ছন্দ্যে স্বাগত জানাতে তারা আগ্রহী বলে পুনর্ব্যক্ত করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়ন অগ্রাধিকার ও কৌশলগত দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন সিনিয়র সচিব মো. আবদুল খালেক। দ্বিপক্ষীয় সহযোগিতার মেলবন্ধন দীর্ঘস্থায়ী করতে এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে একটি আনুষ্ঠানিক ‘রেকর্ড অব নোটস’ (Record of Notes) স্বাক্ষরের প্রস্তাব করেন তিনি।
এর পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ভর্তি ও স্কলারশিপের সুযোগ বাড়ানো, শিক্ষকদের আধুনিক পেশাগত প্রশিক্ষণ প্রদান এবং শিক্ষা খাতের পারস্পরিক সম্পর্ক বাড়াতে হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের প্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান সচিব। সভার সমাপনীতে উভয় পক্ষই শিক্ষার্থী বিনিময়, শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর যৌথ একাডেমিক প্রকল্প চালুর বিষয়গুলোতে একমত প্রকাশ করে।
সকালবেলা / নুসরাত