মাদক দমনে শুধু শাস্তিই যথেষ্ট নয়, গড়তে হবে সামাজিক আন্দোলন: মির্জা ফখরুল

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ণ
মাদক দমনে শুধু শাস্তিই যথেষ্ট নয়, গড়তে হবে সামাজিক আন্দোলন: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জাতীয় ডেস্ক: আইন প্রয়োগ বা কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, বরং এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষকে নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলা—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ‘মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গঠন’ শীর্ষক সচেতনতামূলক সভা শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, “আমরা নতুন করে দেশজুড়ে মাদকবিরোধী সমন্বিত উদ্যোগ শুরু করেছি। আমাদের মূল লক্ষ্য হলো এই ক্ষতিকর ব্যাধির বিরুদ্ধে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বস্তরে একটি স্বতঃস্ফূর্ত সামাজিক আন্দোলন তৈরি করা। আমার পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বলে, সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূলের দ্বিতীয় কোনো কার্যকর বিকল্প উপায় নেই। কেবল জেল-জরিমানা বা শাস্তি দিয়ে এই সমস্যা সমাজ থেকে পুরোপুরি মুছে ফেলা যাবে না।”ঠাকুরগাঁও জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সীমান্তঘেঁষা ঠাকুরগাঁও জেলায় মাদক প্রতিরোধে যেসব বিশেষ কৌশলগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তার সুফল হিসেবে সামনে অবশ্যই ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে। এ বিষয়ে সমাজের সকল স্তরের মানুষকে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।মির্জা ফখরুল আরও যোগ করেন, “আমাদের সবচেয়ে বড় ও প্রাথমিক কাজ হলো সাধারণ মানুষের কাছে মাদকের ভয়াবহতা প্রচার করা। তরুণ প্রজন্ম ও সাধারণ নাগরিকদের সামনে তুলে ধরতে হবে কীভাবে মাদক একটি পরিবার ও সমাজকে ভেতর থেকে ধসে দেয়।”ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন