খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ণ
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী
ছবি : পিএমও

অনলাইন ডেস্ক: খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়া, গান, বাজনা ও সংস্কৃতি চর্চায়ও পারদর্শী হয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২০ জুন) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, শুধু খেলাধুলা নয়, লেখাপড়া ও সৃজনশীল কাজেও এগিয়ে যেতে হবে শিক্ষার্থীদের। একই সঙ্গে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি জানান, এ বছর প্রায় ২২ লাখ শিক্ষার্থী এই টুর্নামেন্টে অংশ নেয়। আগামীতে মাধ্যমিক পর্যায়েও এ আয়োজন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ক্রিকেট, সাঁতারসহ বিভিন্ন খেলাধুলায় দক্ষ হয়ে তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য ডিসপ্লে ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। পরে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের বালিকা বিভাগের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন।

টুর্নামেন্টের বালিকা বিভাগের ফাইনালে পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালক বিভাগের ফাইনালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জেতে।

মন্তব্য করুন