আমাদের সফর অন্য কেউ নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যেকোনো দেশে সফর করা হবে এবং এ বিষয়ে সিদ্ধান্ত অন্য কেউ নির্ধারণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
শনিবার (২০ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রে, চীনে প্রয়োজন হলে চীনেও যাওয়া হবে। একইভাবে ভারতের সঙ্গে সম্পর্ক অনুকূল হলে ভারতেও সফর করা হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থকে সামনে রেখে পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে সব বড় অংশীদার দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। ওয়াশিংটন, বেইজিং, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গেও সম্পর্ক সমানভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, শক্তিশালী রাজনৈতিক ম্যান্ডেট থাকায় বর্তমান সরকার আগের তুলনায় অধিক আত্মবিশ্বাসের সঙ্গে কূটনৈতিক অবস্থান নিতে পারছে। তার ভাষায়, আগে এ ধরনের শক্ত অবস্থান নেওয়া সম্ভব হয়নি।
চীন ও মালয়েশিয়া সফর প্রসঙ্গে তিনি বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং মালয়েশিয়া মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ। আসিয়ানে সদস্যপদ এবং সিপিটিপিপি বাজারে প্রবেশের বিষয়ও আলোচনায় রয়েছে।
তিনি আরও জানান, বিদেশ সফরে অপ্রয়োজনীয় বড় প্রতিনিধি দল নেওয়ার সংস্কৃতি পরিবর্তন করা হয়েছে এবং এখন শুধু প্রয়োজনীয় সদস্যদের নিয়েই সফর করা হচ্ছে।
এ ছাড়া তিনি বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।
|