২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি এ কর্মসূচির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে কর্মসূচির আওতায় ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা, ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা এবং ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া বসতবাড়ি বনায়নের জন্য আরও ৫৬ লাখ চারা বিতরণ ও রোপণের পরিকল্পনা রয়েছে।
কর্মসূচি উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ডুলহাজারা সাফারি পার্কে প্রবেশ করেন। সেখানে স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে পার্কের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি সদর উপজেলার পিএমখালী এলাকায় গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রীর পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
|