পরীক্ষা কেন্দ্রে বান্ধবী নিয়ে এনসিপি নেতার তুলকালাম
উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের কাজী শামসুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এক এনসিপি (ন্যাশলালিস্ট ডেমোক্রেটিক পার্টি) নেতা তাঁর বান্ধবীকে নিয়ে অবৈধভাবে প্রবেশ করায় রণক্ষেত্রে পরিণত হয়েছে কেন্দ্র প্রাঙ্গণ। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলা ও ইটপাটকেলের আঘাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুতর আহত হয়েছেন। এই তুলকালাম কাণ্ডের কারণে এসএসসি (SSC) ব্যবহারিক পরীক্ষা নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর শুরু করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে এসএসসি ব্যবহারিক পরীক্ষা চলাকালীন এনসিপি নেতা আশরাফ হোসেন নিয়মনীতি উপেক্ষা করে তাঁর এক বান্ধবীকে (পরীক্ষার্থী) নিয়ে কাজী শামসুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। একজন রাজনৈতিক নেতার পরীক্ষা কেন্দ্রে এমন অনধিকার প্রবেশ দেখে উপস্থিত ছাত্ররা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে শুরু করে।
এ সময় নেতা আশরাফ হোসেন ছাত্রদের ওপর চড়াও হলে সাজিদ, ইয়াসিন মোল্লা ও জিহাদ নামের তিন পরীক্ষার্থীর সাথে তাঁর তীব্র বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। মুহূর্তের মধ্যে সাধারণ পরীক্ষার্থীরা একজোট হয়ে নেতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে গোটা বিদ্যালয় প্রাঙ্গণে এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি করে। খবর পেয়ে স্থানীয় বহিরাগত যুবকেরাও ছাত্রদের সাথে যোগ দিয়ে তীব্র বিক্ষোভ গড়ে তোলে এবং এনসিপি নেতা ও তাঁর বান্ধবীকে অবরুদ্ধ করে রাখে।
একপর্যায়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ও ছাত্ররা অবরুদ্ধ আশরাফের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। পরিস্থিতি শান্ত করতে এবং কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দত্ত এগিয়ে গেলে বিক্ষুব্ধরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে মাথায় ও শরীরে ইটের আঘাত লেগে তিনি গুরুতর আহত হন। কেন্দ্রের এই অরাজকতায় পরীক্ষা দিতে আসা ছাত্রীদের মধ্যে তীব্র ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত প্রধান শিক্ষক অরুণ কুমার দত্ত বলেন, “নেতা আশরাফ হোসেন একজন পরীক্ষার্থীকে নিয়ে কেন্দ্রে ঢোকার পর ছাত্ররা উত্তেজিত হয়ে স্লোগান দিচ্ছিল। আমি কেন্দ্রের প্রধান হিসেবে বিশৃঙ্খলা থামাতে গেলে আমাকে লক্ষ্য করে ইটপাটকেল মারা হয়। এতে আমি আহত হয়েছি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আমরা পুলিশকে খবর দিই।”
খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অবরুদ্ধ এনসিপি নেতা আশরাফ হোসেনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে থানা কমপ্লেক্সে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর বেলা ১১টা ৩০ মিনিটে স্থগিত থাকা এসএসসির ব্যবহারিক পরীক্ষা পুনরায় শুরু করা হয়।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষা কেন্দ্রের ভেতরে বহিরাগত রাজনৈতিক নেতার প্রবেশকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের ক্ষোভের মুখে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। অবরুদ্ধ নেতাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং বর্তমানে কেন্দ্র ও আশপাশের এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
এআইএল/সকালবেলা
|