চৌগাছায় যুবককে কুপিয়ে হত্যা
যশোর অফিস: যশোরের চৌগাছায় পূর্বশত্রুতার জেরে জুয়েল আহমেদ রানা (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে এই নৃশংস ঘটনা ঘটে। হামলাকারীরা নিহতের স্ত্রীকে গাছের সাথে বেঁধে রেখে এই বর্বরোচিত হত্যাকাণ্ড চালায়।
নিহত জুয়েল রানা মুক্তদাহ গ্রামের ওয়াদুদ খন্দকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক পূর্বশত্রুতার জেরে সকালে মুক্তদাহ মোড়ে জুয়েল রানার সাথে প্রতিপক্ষের লোকজনের তীব্র কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে একই গ্রামের ইউসুফ, কাশেম এবং স্থানীয় ইউপি সদস্য নজরম মেম্বারের ছেলে বাবু ও সুমনসহ অজ্ঞাতপরিচয় আরো ৫-৬ জন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
নিহতের স্ত্রী মায়া বেগম কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, “সকালে আমি আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ওই সময় আমার স্বামী স্থানীয় মোড়ে চা খেতে যান। হঠাৎ ওঁরা এসে আমাকে একটি গাছের সাথে শক্ত করে বেঁধে ফেলে। এরপর আমার চোখের সামনেই ইউসুফ, কাশেম ও বাবুর দল আমার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে দুই পায়ের হাঁটুর নিচ থেকে ভেঙে গুঁড়ো করে দেয়।”
রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা জুয়েলকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোবাশ্বের হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ এবং গুরুতর জখমের কারণে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ জানান, “চৌগাছায় হত্যাকাণ্ডের খবর পেয়ে থানা-পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের টিম পাঠানো হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই নৃশংস ঘটনার সাথে জড়িত বাবু, সুমনসহ এজাহারনামীয় আসামিদের গ্রেফতারে এলাকায় পুলিশের বিশেষ চিরুনি অভিযান চলছে।”
এআইএল/সকালবেলা
|