বিদ্যুৎ বিল বকেয়ায় অন্ধকারে শিক্ষা প্রতিষ্ঠান
বাউফল (পটুয়াখালী) বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী কালিশুরী সাইয়েদ্যুল আরেফিন ইনস্টিটিউশনের বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল বকেয়া থাকায় প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে এই তীব্র গরমের মধ্যে চরম ভোগান্তিতে পড়েছে শত শত শিক্ষার্থী। একই সাথে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির স্বাভাবিক পাঠদান কার্যক্রম।
চলতি তীব্র তাপদাহের মধ্যে বিদ্যুৎ সংযোগ না থাকায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অবস্থান করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কালিশুরী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এইচ. এম. নাদির শাহ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন।
তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন, “কালিশুরী সাইয়েদ্যুল আরেফিন ইনস্টিটিউশনের বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগটি বিচ্ছিন্ন রয়েছে। এই প্রচণ্ড গরমে শত শত কোমলমতি শিক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে ক্লাস করছে। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সমাধানে আমি প্রতিষ্ঠানের সভাপতি ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সালেহ উদ্দিন মহোদয়ের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি।”
এদিকে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের মতে, প্রাতিষ্ঠানিক অবহেলার দায় শিক্ষার্থীদের ওপর চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে সংযোগটি পুনঃস্থাপনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে কালিশুরী সাইয়েদ্যুল আরেফিন ইনস্টিটিউশন কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও দায়িত্বশীল কারও মন্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্টরা।
এআইএল/সকালবেলা
|