সুন্দরবন থেকে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ণ
সুন্দরবন থেকে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: সুন্দরবনে অপরাধ দমনে পরিচালিত ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ‘জোনাব বাহিনী’র তিন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

আজ বুধবার (১০ জুন) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবন অঞ্চলকে দস্যুমুক্ত ও নিরাপদ করার লক্ষ্যে সরকারের নির্দেশনায় কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ৯ জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি আভিযানিক দল সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কালিঞ্চি সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে কুখ্যাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে ১১টার দিকে শ্যামনগর থানার হরিণটানা খাল সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে সুন্দরবনের গভীর অরণ্যে কুখ্যাত জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তারা সুন্দরবনের ওপর নির্ভরশীল নিরীহ জেলে, মৌয়াল ও বাওয়ালিদের জিম্মি করে চড়া অঙ্কের মুক্তিপণ আদায় এবং বনের ভেতরে নিয়মিত ডাকাতি সংঘটন করত। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ আটক ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও উল্লেখ করেন, কোস্ট গার্ডের এসব কার্যকর অভিযানের কারণে স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং অপরাধ দমন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন সময় বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। তবে যেকোনো ধরনের অপপ্রচার ও বাধা উপেক্ষা করে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত এবং নিরাপদ রাখতে কোস্ট গার্ডের এই কঠোর অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন