২০২৯ সালের মধ্যে চট্টগ্রাম বন্দর সিঙ্গাপুর-কলম্বোর মতো দক্ষ হবে: নৌপরিবহনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন হলে ২০২৯ সালের মধ্যে চট্টগ্রাম বন্দর সিঙ্গাপুর ও কলম্বোর মতো দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে এবং জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। পতেঙ্গা, লালদিয়া ও বে টার্মিনালসহ একাধিক প্রকল্প চালু হলে বন্দরের জট অনেকাংশে কমে যাবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর মূলত ফিডার পোর্ট হওয়ায় এখানে কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে। তবে আধুনিক যন্ত্রপাতি ও ব্যবস্থাপনা উন্নয়নের ফলে ইতোমধ্যে জাহাজের গড় অবস্থান সময় কমেছে।
মন্ত্রী জানান, বর্তমানে গড়ে ২.১ দিন সময় লাগছে কনটেইনার হ্যান্ডলিংয়ে। পরিকল্পিত টার্মিনালগুলো চালু হলে এটি আরও কমে অর্ধদিনের কাছাকাছি নামানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, পতেঙ্গা টার্মিনাল ইতোমধ্যে বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং লালদিয়া ও বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এসব উদ্যোগ সফল হলে বন্দরের সক্ষমতা বহুগুণ বাড়বে।
|