ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনি বৈতরণী পার হতে একটি দলকে ইসলামী ব্যাংকের একটি প্রকল্প থেকে ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৯ জুন) সংসদে কার্যপ্রণালী বিধির ৬৮ বিধির আওতায় আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরডিএস নামে ইসলামী ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প রয়েছে, যার মূল লক্ষ্য ৫, ১০ কিংবা ২০ হাজার টাকা ক্ষুদ্রঋণ বিতরণ। এই প্রকল্পে নারী গ্রাহকের সংখ্যাই বেশি।
তিনি বলেন, ভোটের আগে ১০ হাজার টাকা করে অনেক নারীকে দেওয়া হয়েছে। এক ভোটারকে প্রশ্ন করলে তার এক কর্মী জানতে পারেন, ভোটার বলেন—কুরআনের দলকে ভোট না দিলে জান্নাতে যাওয়া যাবে না, ১০ হাজার টাকাও দেওয়া হয়েছে, আরও ১০ হাজার টাকা দেওয়া হবে বলেও বলা হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, আরডিএস প্রকল্পের মাধ্যমে মোট ২২ হাজার কোটি টাকা বিতরণ হয়েছে। এর মধ্যে ১১ হাজার কোটি টাকা আগে দেওয়া হয়েছিল এবং ৫ আগস্টের পর নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য আরও ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। তবে এসব অর্থের কোনো হদিস নেই বলে দাবি করেন তিনি।
এছাড়া একটি শিল্প গ্রুপকে ৭০০ কোটি টাকা এবং আরেকটি গ্রুপকে প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই ৪০ কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগও করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও জানান, ব্যাংকটিতে প্রায় ৯ হাজার দক্ষ কর্মীকে নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এর বিপরীতে ৬ হাজার নতুন নিয়োগ দেওয়া হয়েছে, যাদের রাজনৈতিক পরিচয় রয়েছে। পাশাপাশি ১৩ হাজার কর্মীকে অনিয়মিতভাবে পদোন্নতি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
|