মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত সার ব্যবহারের ফলে অম্লতা বেড়ে মাটির উর্বরতা কমে গেছে বলে মন্তব্য করেছেন কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এই মাটির উর্বরতা আমাদের ফিরিয়ে আনতে হবে।
বুধবার (১০ জুন) রাজধানীর খামারবাড়ির মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) মিলনায়তনে প্রতিষ্ঠানটির বার্ষিক কারিগরি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়তে মাটির পিএইচ মান বৃদ্ধি করতে হবে। মাটির উর্বরতা বাড়ালে দেশের কৃষি আরও এগিয়ে যাবে। এ বিষয়ে বিজ্ঞানীদের আরও কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মাটি ও কৃষিবিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি ফসল উৎপাদনের ব্যবধান কমানো এবং নির্দিষ্ট জমিতে গবেষণা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, অতিরিক্ত কীটনাশক ও বালাইনাশকের ব্যবহারও মাটি, ফসল ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলছে। এসব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
|