প্রযুক্তির মাধ্যমে দ্রুত রোগ নির্ণয় সম্ভব: চসিক মেয়র
মোহাম্মদ আলী, চট্টগ্রাম: চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড চট্টগ্রাম শাখায় যুক্ত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ১৮০ চ্যানেলের বায়োমেট্রিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ ‘ম্যাগনেটম লুমিনা প্রো এডিশন থ্রি তেসলা এমআরআই’।
আজ বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যাধুনিক এই মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জটিল ও নতুন ধরনের রোগ-ব্যাধির প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। এসব রোগের যথাযথ চিকিৎসার পূর্বশর্ত হলো সঠিক ও নির্ভুল রোগ নির্ণয়। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে উন্নত চিকিৎসা যন্ত্রপাতি এখন রোগ নির্ণয়কে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করে তুলেছে।”
তিনি আরও বলেন, “রোগ দ্রুত শনাক্ত করা গেলে চিকিৎসকরাও রোগীর জন্য কার্যকর চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করতে পারেন। অত্যাধুনিক থ্রি তেসলা এমআরআই প্রযুক্তি জটিল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রোগীরা উন্নতমানের চিকিৎসাসেবা গ্রহণে উপকৃত হবেন।” চট্টগ্রামকে দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও অর্থনৈতিক প্রাণকেন্দ্র উল্লেখ করে মেয়র বলেন, এই নগরীর মানুষের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা নিশ্চিত করা সময়ের দাবি। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এই উদ্যোগের জন্য তিনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান সিআইপি বলেন, নতুন এই থ্রি তেসলা এমআরআই মেশিনের মাধ্যমে মাত্র ৩ থেকে ৪ মিনিটে ব্রেইন ও স্পাইনের এমআরআই সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গের এমআরআই পরীক্ষাও আগের তুলনায় অনেক কম সময়ে সম্পন্ন করা যাবে। চট্টগ্রামবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের আরও আধুনিক চিকিৎসা প্রযুক্তি সংযোজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড চট্টগ্রাম শাখার সিনিয়র ব্যবস্থাপক ওয়ালী আশরাফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তিনগর শাখার ডিজিএম মো. শাহী মাহমুদ, চট্টগ্রাম শাখার সহকারী ব্যবস্থাপক সুজন কান্তি দে, উজ্জ্বল বড়ুয়া, সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) মো. বেলাল হোসেনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কনসালটেন্ট ও সর্বস্তরের কর্মচারীরা।
এআইএল/সকালবেলা
|