স্পেনে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ণ
স্পেনে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে

প্রবাস ডেস্ক: স্পেনে আগামী ২৭ মে (বুধবার) মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে একই দিনে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করবেন।

স্পেনের বিভিন্ন শহরে বসবাসরত লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিসহ বিপুল সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই ত্যাগের উৎসবে অংশ নেবেন। সাধারণত ইউরোপের দেশগুলোতে সৌদি আরবের সুপ্রিম কোর্টের চাঁদের হিসাব ও ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদের তারিখ ও পঞ্জিকা নির্ধারণ করা হয়। সেই হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরি সালের ১০ জিলহজ অর্থাৎ আগামী ২৭ মে স্পেনে ঈদুল আজহা পালিত হবে। এর আগের দিন ২৬ মে (মঙ্গলবার) পবিত্র ঐতিহাসিক আরাফাতের দিন (হজ) অনুষ্ঠিত হবে।

ঈদকে সামনে রেখে ইতোমধ্যে স্পেনে অবস্থানরত প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ শুরু হয়েছে এবং কোরবানির সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছেন তারা। স্পেনের রাজধানী মাদ্রিদসহ বিভিন্ন শহরের বাংলাদেশি গ্রোসারি ও মাংসের ব্যবসায়ীরা অগ্রিম কোরবানির পশুর অর্ডার নিচ্ছেন। এ ছাড়া অনেক প্রবাসী সম্পূর্ণ নিজস্ব বা যৌথ উদ্যোগে খামারে গিয়ে কোরবানি দেওয়ার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

স্পেনের স্থানীয় প্রশাসনের বিশেষ অনুমতি সাপেক্ষে দেশটির বিভিন্ন প্রধান প্রধান শহরের কেন্দ্রীয় মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের সুবিধার্থে নামাজের স্থানে বিশেষ নিরাপত্তা ও ওজুর ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

মাদ্রিদের লাভাপিয়েস এলাকায় অবস্থিত বিখ্যাত ‘বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ’-এর উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে লাভাপিয়েস সংলগ্ন ক্যাসিনো পার্কের উন্মুক্ত মাঠে প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন দেশের মুসলিমদের জন্য বৃহৎ দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মসজিদ কমিটির সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি স্পেন সরকার কর্তৃক অনিয়মিত বা লিগ্যাল ডকুমেন্টসবিহীন প্রবাসীদের নিয়মিতকরণের (বৈধতা দেওয়া) ঐতিহাসিক ঘোষণা আসায় প্রবাসীদের মনে আনন্দ বিরাজ করছে। ফলে এবার ঈদের জামাতগুলোতে বিগত বছরগুলোর তুলনায় মুসল্লিদের রেকর্ডসংখ্যক ভিড় বাড়তে পারে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন