অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা–শ্যাম্পেইনে পিএইচডি গবেষণারত অবস্থায় সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক আফিফা রহমান নাইমা।
শুক্রবার (৮ মে) রাতে তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তার সহকর্মী ও নিকটাত্মীয়রা।
পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার সময় শারীরিক জটিলতা দেখা দিলে আফিফা গত কয়েকদিন ধরে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে সন্তান প্রসব করালেও আফিফার অবস্থার কোনো উন্নতি হয়নি। অবশেষে শুক্রবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে ভেন্টিলেশন ব্যবস্থা সরিয়ে নেন। তার মৃত্যুতে বুয়েট পরিবার এবং প্রবাসীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বুয়েটের সাবেক ও বর্তমান সহকর্মীরা আফিফাকে অত্যন্ত মেধাবী ও প্রতিশ্রুতিশীল একজন শিক্ষক হিসেবে স্মরণ করেছেন। তার ঘনিষ্ঠ জনরা জানান, আফিফা ও তার স্বামী মো. ইফতেখার ইসলাম সাকিব দুজনেই যুক্তরাষ্ট্রে পিএইচডি করছিলেন। আফিফার মৃত্যুতে তার মাত্র দেড় বছর বয়সী বড় সন্তান এবং নবজাতক শিশুটি মাতৃহীন হয়ে পড়ল।
এ.আই.এল/সকালবেলা