নারী ও শিশু নির্যাতনের ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টে আলাদা বেঞ্চ

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ
নারী ও শিশু নির্যাতনের ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টে আলাদা বেঞ্চ

নিজস্ব প্রতিবেদক: নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় অধস্তন আদালতের মৃত্যুদণ্ডের রায় অনুমোদন (ডেথ রেফারেন্স) ও সংশ্লিষ্ট আপিল দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টে আলাদা বেঞ্চ গঠন করা হয়েছে।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে এই বিশেষ বেঞ্চ গঠন করেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গঠনবিধিতে উল্লেখ করা হয়েছে, আগামী রবিবার থেকে এই বেঞ্চের কার্যক্রম শুরু হবে।

আইন অনুযায়ী, অধস্তন আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে সেই রায় কার্যকরের আগে উচ্চ আদালতের অনুমোদন প্রয়োজন হয়। এ কারণে মামলার নথি হাইকোর্টে পাঠানো হলে তা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয় এবং পেপারবুক প্রস্তুত করে শুনানির জন্য উপস্থাপন করা হয়। পাশাপাশি আসামিরা জেল আপিল বা নিয়মিত আপিল করার সুযোগ পান।

সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী, ডেথ রেফারেন্স মামলাগুলো শুনানির উপযোগী হতে সাধারণত পাঁচ বছরেরও বেশি সময় লেগে যায়। বর্তমানে হাইকোর্টের পৃথক চারটি বেঞ্চে ২০১৮ সালে নথিভুক্ত মামলাগুলোর শুনানি চলছে।

সম্প্রতি পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দ্রুত বিচার কার্যকর নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এসব মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জোরালো হয়।

এর আগে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলও জানান, এমন নৃশংস ঘটনার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন