বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা সৌদি আরবের
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় চমৎকার দক্ষতা ও সুশৃঙ্খলতার পরিচয় দেওয়ায় বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ।
আজ বুধবার (১০ জুন) সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে সৌদির মন্ত্রী এই প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, হজের মতো বিশাল কর্মযজ্ঞে বাংলাদেশের শৃঙ্খলার প্রশংসা করার পাশাপাশি আগামীতে সামগ্রিক হজ ব্যবস্থাপনার আরও উন্নয়নে বাংলাদেশের অভিজ্ঞতা ও সহায়তা কামনা করেন সৌদি মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান। এ সময় তিনি বাংলাদেশের ধর্মমন্ত্রীকে তাঁর আন্তরিক ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে হাজীদের সর্বোত্তম সেবা দেওয়ার জন্য বিশেষ অভিনন্দন জানান। একই সাথে তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বৈঠকে সৌদির হজ ও উমরাহ মন্ত্রী আগামী ২০২৭ সালের হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সহজীকরণ করার লক্ষ্যে সৌদি সরকারের গৃহীত নানামুখী যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরেন।
উত্তরে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সামগ্রিক হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়নের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি এবারের হজে হজযাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, উন্নত তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং মাশায়েরে উন্নত ‘হাজী সেবা’র মাধ্যমে সুন্দর পরিবেশ তৈরির প্রশংসা করেন। এই সফল আয়োজনের জন্য তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। ধর্মমন্ত্রী আশ্বস্ত করে বলেন, আল্লাহর মেহমানদের সেবায় হজ ব্যবস্থাপনার যেকোনো আধুনিকায়নে বাংলাদেশ সব সময় সৌদি সরকারের পাশে থাকবে।
গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) কামরুল ইসলামসহ উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকতারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|