জনপ্রিয়তার চেয়ে ন্যায়-আইনই গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সবচেয়ে ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার, আইনের শাসন এবং সুষ্ঠু বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (১০ জুন, ২০২৬) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সেন্টার ফর অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ (সিএএলএস) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় জনপ্রিয়তার চেয়ে ন্যায়, যুক্তি ও আইনের আলোকে সিদ্ধান্ত গ্রহণ অধিক গুরুত্বপূর্ণ। অপরাধ যতই জঘন্য হোক না কেন, প্রতিটি অভিযুক্তের আইনগত সহায়তা ও আত্মপক্ষ সমর্থনের অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি মৃত্যুদণ্ড প্রসঙ্গে বলেন, বিশ্বের অনেক দেশে এটি বিলুপ্ত হলেও বাংলাদেশের সামাজিক বাস্তবতায় এ বিষয়টি জটিল। তবে ন্যায়বিচারের স্বার্থে প্রত্যেক অভিযুক্তের ন্যায্য বিচার পাওয়া নিশ্চিত করা জরুরি।
রামিসা হত্যা মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দ্রুত তদন্ত, ডিএনএ পরীক্ষা, অভিযোগপত্র দাখিল এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে আইনের শাসনের প্রতিফলন ঘটানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্তের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের মাধ্যমে যথাযথ বিচার নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা থাকলেও সরকার আইনের মৌলিক নীতি থেকে বিচ্যুত হয়নি। আইনগত সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করা হচ্ছে এবং প্রতিটি জেলায় লিগ্যাল এইড কমিটি কার্যকর করা হয়েছে।
তিনি জানান, মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ও মধ্যস্থতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি আইনজীবীদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
|