চট্টগ্রামে ইয়াবা ব্যবসায়ী ‘বাবা নাছির’ গ্রেফতার

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ণ
চট্টগ্রামে ইয়াবা ব্যবসায়ী ‘বাবা নাছির’ গ্রেফতার

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে সিসিটিভি ক্যামেরা বসিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারি এবং রীতিমতো টিকিট কাউন্টার খুলে অভিনব কায়দায় ইয়াবা বিক্রি করার অভিযোগে কুখ্যাত মাদক কারবারি নাছির ওরফে ‘বাবা নাছির’কে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (৯ জুন) রাতে মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাছির দীর্ঘদিন ধরে বায়েজিদ এলাকায় মাদক সাম্রাজ্য গড়ে তুলেছিল। মাদক বিক্রির জন্য সে তার বসতঘরের সামনে লোহার শক্ত গ্রিল দিয়ে একটি বিশেষ বুথ বা কাউন্টার তৈরি করে। দূর থেকে দেখলে মনে হতো এটি কোনো সিনেমা হল বা বাস স্টেশনের টিকিট কাউন্টার। মাদকসেবীরা ওই কাউন্টারের বাইরে লাইনে দাঁড়িয়ে গ্রিলের ফাঁক দিয়ে টাকা দিত এবং ভেতর থেকে ইয়াবা সংগ্রহ করত।

গ্রেফতার এড়াতে এবং র‍্যাব-পুলিশের গতিবিধির ওপর নজর রাখতে নাছির তার ঘরের চারপাশে ও গলির মুখে অত্যাধুনিক সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপন করেছিল। ঘরের ভেতর বসেই সে মনিটরের মাধ্যমে লক্ষ্য রাখত এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি বা পুলিশ আসছে কি না।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নাসির ওরফে ‘বাবা নাছির’ চট্টগ্রামের একজন তালিকাভুক্ত পেশাদার মাদক কারবারি। ২০১১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিগত ১৫ বছরে মহানগরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ২১টি মাদক মামলা রয়েছে। প্রতিবারই ইয়াবাসহ গ্রেফতার হওয়ার পর সে আদালত থেকে জামিনে বেরিয়ে এসে আবারও একই সিন্ডিকেট সচল করত।”

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বায়েজিদ থানা-পুলিশের একটি বিশেষ দল সিসিটিভি ক্যামেরার নজরদারি ফাঁকি দিয়ে ছদ্মবেশে তার আস্তানায় হানা দেয় এবং কাউন্টার থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত নাছিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি নতুন মামলা রুজু করে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন