এআইচালিত হিউম্যানয়েড রোবট চাঁদে পাঠাবে চীন

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ণ
এআইচালিত হিউম্যানয়েড রোবট চাঁদে পাঠাবে চীন

চাঁদে মানব অভিযান সফল করার লক্ষ্যে এক ধাপ এগিয়ে গেল চীন। দেশটির হংকংয়ের বিজ্ঞানীরা তৈরি করেছেন উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এক হিউম্যানয়েড রোবট, যা ভবিষ্যতে চাঁদের দক্ষিণ মেরুতে বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্থাপন ও মালামাল বহনের কাজ করবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে চীন। এর অংশ হিসেবে ২০২৯ সালে ‘চাং-ই-৮’ মিশনে এই রোবটটি পাঠানো হতে পারে। হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীদের নকশা করা এই রোবটটির ওজন প্রায় ১০০ কেজি।

রোবটটির ওপরের অংশ মানুষের মতো দুটি হাতবিশিষ্ট এবং নিচের অংশে চলাচলের জন্য চারটি চাকা লাগানো হয়েছে। এর প্রধান কাজ হবে নভোচারীরা চাঁদে পৌঁছানোর আগেই বিভিন্ন বৈজ্ঞানিক সরঞ্জাম নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া এবং স্থাপন করা। এটি সৌরশক্তিচালিত এবং চাঁদের চরম প্রতিকূল পরিবেশেও কাজ করতে সক্ষম।

অধ্যাপক গাও ইয়ং জানিয়েছেন, এই রোবটে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা আশপাশের বস্তু শনাক্ত করতে এবং সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে। ফলে এটি পরিস্থিতি অনুযায়ী নিজেই কাজের পরিকল্পনা করে কার্যক্রম পরিচালনা করতে পারবে।

মহাকাশ প্রতিযোগিতায় চীন ও নাসা: মহাকাশ গবেষণায় চীন বর্তমানে বিশাল বিনিয়োগ করছে। চীন ২০৩০ সালের পরিকল্পনা নিয়ে এগোলেও নাসা তাদের ‘আর্টেমিস-৪’ মিশন নিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখে রয়েছে। প্রযুক্তিগত জটিলতায় নাসার সময়সূচি কয়েক দফা পিছিয়েছে। সাবেক নাসা প্রশাসক জিম ব্রাইডেন্সটাইন সতর্ক করেছেন যে, দ্রুত অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র চাঁদে মানুষ পাঠানোর প্রতিযোগিতায় চীনের পেছনে পড়ে যেতে পারে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন