নতুন পরিকল্পনায় এগোবে অ্যাপল

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ণ
নতুন পরিকল্পনায় এগোবে অ্যাপল

দক্ষিণ এশিয়ায় ডিজিটাল গ্যাজেটের বাজার প্রসারে নতুন সম্ভাবনা দেখছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সংস্থার বিদায়ী সিইও টিম কুক জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল মধ্যবিত্ত শ্রেণিই হবে অ্যাপলের ভবিষ্যতের চালিকাশক্তি। বিশেষ করে ভারত বর্তমানে স্মার্টফোন বিপণনে বিশ্বে দ্বিতীয় এবং পিসির বাজারে তৃতীয় অবস্থানে থাকলেও অ্যাপলের মার্কেট শেয়ার এখনও সীমিত, যা প্রবৃদ্ধির বিশাল সুযোগ তৈরি করেছে।

বিশ্বজুড়ে আইফোন, আইপ্যাড ও ম্যাকের নতুন গ্রাহক সংখ্যা দ্রুত বাড়ছে। অনেক ক্রেতাই প্রথমবারের মতো অ্যাপল পণ্য ব্যবহার করে সন্তুষ্টি প্রকাশ করছেন। ভারতে ইতোমধ্যে ছয়টি রিটেইল স্টোর খোলা হয়েছে এবং এন্টারপ্রাইজ সেগমেন্টেও অ্যাপলের অবস্থান শক্তিশালী হচ্ছে। উদাহরণস্বরূপ, সফটওয়্যার প্রতিষ্ঠান ‘ফ্রেশওয়ার্কস’ বর্তমানে পাঁচ হাজারের বেশি ম্যাকবুক ব্যবহার করছে।

অ্যাপলের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে বর্তমান সিইও টিম কুক এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। অ্যাপলের নতুন সিইও হিসেবে স্থলাভিষিক্ত হবেন জন টার্নাস, যিনি বর্তমানে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। টার্নাসকে একজন দক্ষ এবং দূরদর্শী নেতা হিসেবে অভিহিত করেছেন কুক।

উজ্জ্বল সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে উন্নত চিপের ঘাটতির কারণে আইফোন ও ম্যাকের সরবরাহ চাহিদার তুলনায় কম হয়েছে। মেমোরি কম্পোনেন্টের দাম বেড়ে যাওয়াও সংস্থার জন্য উদ্বেগের কারণ। তবে এসব সংকট সত্ত্বেও গত ত্রৈমাসিকে অ্যাপলের রাজস্ব ৪৯.৩ শতাংশে পৌঁছেছে, যা আগের বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন