মমতার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তাপস-পত্নী নন্দিনীর

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
মমতার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তাপস-পত্নী নন্দিনীর

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথেই টালিপাড়ার অন্দরমহল থেকে বেরিয়ে আসছে দীর্ঘদিনের জমাট বাঁধা ক্ষোভ। এবার তৃণমূল নেত্রী তথা সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি ‘বিশ্বাসঘাতকতা’ ও ‘অবহেলার’ অভিযোগ তুললেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নন্দিনী পাল বলেন, ১৯৯৭ সালে তৃণমূল গঠন হওয়ার সময় থেকেই মমতার পাশে ছিলেন তাপস পাল। সেই সময় বামফ্রন্টের দাপটের মুখে কোনো তারকা মমতার সাথে যেতে না চাইলেও তাপস অন্তর দিয়ে দিদির অনুরোধে রাজনীতিতে এসেছিলেন। এর জন্য পেশাগত জীবনে অনেক ক্ষতি সইতে হয়েছে তাঁকে, অনেক সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল।

নন্দিনীর অভিযোগ, ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ১৮০ ডিগ্রি ঘুরে যান। তিনি বলেন, “তৃণমূল ক্ষমতায় আসার পর তাপসের প্রয়োজন ফুরিয়ে যায় ওর কাছে। চিটফান্ড কাণ্ডে তাপস পরিস্থিতির শিকার হয়েছিল, কোনো টাকা সে আত্মসাৎ করেনি। কিন্তু সেই কঠিন সময়ে দলের কাউকে সে পাশে পায়নি।”

সাবেক মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে নন্দিনী পাল বলেন, “দিদি যেভাবে রাজ্য শাসন করলেন, তার থেকে বামফ্রন্ট শাসন ভালো ছিল—এমনকি ইংরেজ শাসনও ভালো ছিল। ব্যবহার করে তাপসকে ছুড়ে ফেলে দিয়েছিলেন দিদি। তাপস একবার ফোনে কথা বলতে চাইলেও দিদি ফোন তোলেননি।”

নন্দিনী মনে করেন, রাজ্যে এই পরিবর্তন জরুরি ছিল। তাঁর মতে, এতদিন রাজ্য নয় বরং একটি ‘ক্লাব’ চালানো হচ্ছিল। তিনি আরও বলেন, “আমি চাই দিদি অনেক বছর বেঁচে থাকুন, যাতে নিজে উপলব্ধি করতে পারেন তিনি কী কী ভুল করেছেন। আমি তাঁকে কোনোদিন ক্ষমা করতে পারব না।”

চৌমুহাকাণ্ডে তাপস পালের বিতর্কিত মন্তব্যকে ‘একমাত্র ভুল’ হিসেবে স্বীকার করলেও, নন্দিনী পালের দাবি—ব্যক্তিগত জীবনে তাপস পালের নামে অনেক ভুল তথ্য রটানো হয়েছিল যা তাঁর মৃত্যুপথযাত্রী স্বামীর কষ্ট আরও বাড়িয়ে দিয়েছিল।

মন্তব্য করুন