নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ণ
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে একটি সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
বুধবার (৬ মে) বিকেলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: ১. শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪) ২. স্মৃতি আক্তার (২০) ৩. মো. কাইয়ুম (২৫) ৪. ফয়সাল মিয়া (৩৪)
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে নারীদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে নির্জন স্থানে ডেকে নিয়ে অপহরণ ও শারীরিক নির্যাতন করত। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের বিবস্ত্র করে নারী সদস্যদের সঙ্গে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করা হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের হত্যার হুমকিও দেওয়া হতো।
সম্প্রতি নাগরিয়াকান্দা এলাকায় এক যুবক এই চক্রের শিকার হওয়ার পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফয়সাল মিয়ার কাছ থেকে এক ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফয়সালের বিরুদ্ধে চট্টগ্রাম ও নরসিংদীর বিভিন্ন থানায় পর্নোগ্রাফি, মাদক ও চুরিসহ অন্তত সাতটি মামলা রয়েছে এবং স্মৃতির বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
নরসিংদীর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এরশাদ উল্লাহ জানান, আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে এবং চক্রের বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন