ভুয়া নার্সের প্রসব চেষ্টায় নবজাতকের মৃত্যু

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ণ
ভুয়া নার্সের প্রসব চেষ্টায় নবজাতকের মৃত্যু

জহিরুল হক মিলন, ফেনী: ফেনীতে নার্স পরিচয় দিয়ে এক প্রসূতিকে বাড়িতে প্রসব করানোর চেষ্টা করতে গিয়ে গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৫ মে) রাতে শহরের ‘ফেনী কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ওই নারী মৃত সন্তান প্রসব করেন। এ ঘটনায় অভিযুক্ত ছকিনা আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী রাজিয়া সুলতানার স্বামী মনির হোসেন জানান, ছকিনা আক্তার নিজেকে ফেনী কেয়ার হাসপাতালের 'সিনিয়র নার্স' পরিচয়ে ভিজিটিং কার্ড দেখিয়ে বাড়িতে প্রসব করানোর চেষ্টা করেন। দিনভর চেষ্টার পর প্রসূতির অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। স্বজনদের অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে নবজাতকটি পৃথিবীর আলো দেখার আগেই মারা যায়।

আটক ছকিনা আক্তার জানান, তিনি মাত্র নবম শ্রেণি পর্যন্ত পড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষই তাঁকে সিনিয়র সেবিকা পরিচয়ে কার্ড করে দিয়েছে। তিনি আরও জানান, সিজার অপারেশনের রোগী আনলে ২ হাজার এবং নরমাল ডেলিভারির রোগী আনলে ১ হাজার থেকে ১৫০০ টাকা কমিশন দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক কার্ড দেওয়ার বিষয়টি সাবেক এক কর্মীর ওপর দায় চাপালেও মার্কেটিংয়ের কাজের বিষয়টি স্বীকার করেছেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নারীকে থানায় নেওয়া হয়েছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, এই হাসপাতালে খোদ সিভিল সার্জন চেম্বার করার পরেও এমন অব্যবস্থাপনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন