পাকিস্তানকে আবারো হারিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য সিমন্সের

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ণ
পাকিস্তানকে আবারো হারিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য সিমন্সের

ক্রীড়া ডেস্ক: ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদের হারিয়ে টেস্ট সিরিজে যে ইতিহাস বাংলাদেশ গড়েছিল, তাকে এখন অতীত মানছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। শুক্রবার মিরপুরে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নতুন করে ইতিহাস লেখার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোচ এসব কথা বলেন।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সেই অবিস্মরণীয় সিরিজ জয় নিয়ে সিমন্স বলেন, ‘ওটা (২০২৪) ইতিহাস। সেই ইতিহাস এখন অতীত। আমরা এখন নতুন ইতিহাস তৈরি করতে চাই। শুক্রবার কী হয়, আমরা সেদিকেই তাকিয়ে আছি। আগে কী হয়েছে, তা নিয়ে এখন আর ভেবে লাভ নেই।’ তবে ওই জয় খেলোয়াড়দের মনে আত্মবিশ্বাস ও প্রেরণা জোগাবে বলে তিনি স্বীকার করেন। তিনি আরও যোগ করেন, “আমরা এখন বাংলাদেশে আছি, পাকিস্তানে নয়। সবকিছু পেছনে ফেলে আমাদের এই ম্যাচের দিকেই মনোযোগ দিতে হবে।”

দীর্ঘ বিরতির পর টেস্ট ক্রিকেটে ফেরা এবং সমর্থকদের প্রত্যাশা প্রসঙ্গে সিমন্স বলেন, “আমার মনে হয়, প্রত্যাশার ৯৫ শতাংশই ড্রেসিংরুমের বাইরে থাকে। সাধারণ মানুষ বা গণমাধ্যমের প্রত্যাশা আমাদের চেয়ে অনেক বেশি। আমরা কেবল নিজেদের প্রস্তুত করছি এবং খেলার জন্য মুখিয়ে আছি। গত সিরিজের প্রত্যাশা আমাদের কোনো সাহায্য করবে না, তাই ওসব আমরা ড্রেসিংরুমের বাইরেই রাখি।”

উল্লেখ্য, দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল থেকে মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে সিরিজের প্রথম লড়াই।

মন্তব্য করুন