মো. ফরহাদ মিয়া, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুর এলাকায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ইসরাফিল নামে এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, রামপাল মৌজার আরএস ৪২১, ৪২২ ও ৪২৩ নম্বর দাগ সংলগ্ন সরকারি খালটি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত ছিল। অভিযোগকারী ইসরাফিলের দাবি, মো. আমিনুল ইসলাম অবৈধভাবে খালের একটি অংশ দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছেন। তিনি সরকারি সার্ভেয়ার দিয়ে খালের সীমানা নির্ধারণ এবং দখলমুক্ত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিনে দেখা যায়, খালের পাশ ঘেঁষে একটি ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে এবং স্থানীয়দের দাবি, খালের কিছু অংশের ওপর পিলার স্থাপন করে বাড়িটি নির্মাণ করা হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে আমিনুল ইসলাম বলেন, "আমি আমার নিজস্ব ৬ শতাংশ জমিতে বাড়ি নির্মাণ করছি, কোনো সরকারি জমিতে কাজ করছি না। যদি ভবিষ্যতে প্রমাণ হয় যে কাজ সরকারি জমিতে পড়েছে, তবে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে"।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার জানান, অভিযোগপত্র হাতে পেলে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, বিষয়টি তদন্তে সরেজমিনে কর্মকর্তা পাঠানো হবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা