নিজস্ব প্রতিবেদক: অর্থের অভাবে শিক্ষার সুযোগবঞ্চিত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে উচ্চমাধ্যমিক ও সমমান শ্রেণিতে (একাদশ ও আলিম ১ম বর্ষ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি-সহায়তা প্রদানের অনলাইন আবেদন চলছে।
শিক্ষার্থীদের সুবিধার্থে এই ভর্তি সহায়তার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (৭ মে ২০২৬) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে এই আবেদনের নির্ধারিত শেষ সময় ৩০ এপ্রিল পর্যন্ত থাকলেও তা বাড়িয়ে ৭ মে নির্ধারণ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ ও আলিম প্রথম বর্ষে সদ্য ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় পড়বেন। যোগ্য ও আগ্রহী শিক্ষার্থীরা ট্রাস্টের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন সম্পন্ন করতে পারবেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের শিক্ষা স্তরের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হারে এই এককালীন ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। বর্তমানে:
মাধ্যমিক (স্কুল) পর্যায়ে: ৪,০০০ (চার হাজার) টাকা
উচ্চমাধ্যমিক (কলেজ/এইচএসসি/আলিম) পর্যায়ে: ৬,০০০ (ছয় হাজার) টাকা
স স্নাতক ও সমমান পর্যায়ে: ৮,০০০ (আট হাজার) টাকা হারে ভর্তি সহায়তা সরাসরি শিক্ষার্থীদের প্রদান করা হচ্ছে।