সরিষাবাড়ীতে ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে অবরোধ

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে অবরোধ

তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃনগর ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে ট্রেন আটকে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। 

সোমবার (৪ মে) বিকেলে জগন্নাথগঞ্জ বাজার স্টেশনে ঢাকা থেকে ভূয়াপুরগামী 'জামালপুর এক্সপ্রেস' আটকে এই বিক্ষোভ করা হয়।

বিক্ষুব্ধ জনতা জানান, বর্তমানে অগ্নিবীণা এক্সপ্রেস ঢাকা থেকে তারাকান্দি পৌঁছাতে বিকেল গড়িয়ে যায় এবং ফিরতি পথে ঢাকায় পৌঁছাতে গভীর রাত হয়। এতে যাত্রীরা ছিনতাইসহ নানা নিরাপত্তা ঝুঁকিতে পড়ছেন। তাঁদের দাবি, অগ্নিবীণা বা জামালপুর এক্সপ্রেসের যেকোনো একটি ট্রেনের সময় পরিবর্তন করে ঢাকা থেকে রাতে এবং সরিষাবাড়ী থেকে ভোরে ছাড়ার ব্যবস্থা করতে হবে।

আন্দোলনকারীরা জামালপুর এক্সপ্রেসকে আগের রুটে ফিরিয়ে যমুনা সেতু (পূর্ব) দিয়ে চালানোর দাবি জানান। এছাড়া বন্ধ থাকা ধলেশ্বরী ট্রেনটি পুনরায় চালু করে যমুনা সেতু (পশ্চিম) পর্যন্ত বর্ধিত করার দাবিও তোলা হয়। বক্তারা বলেন, অল্প সময়ের ব্যবধানে দুটি ট্রেন চলাচলের কারণে যাত্রী স্বল্পতায় রেল কর্তৃপক্ষ লোকসান গুনছে।

এ কে এম ফজলুল হক, শাহিনুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ বিক্ষোভে বক্তব্য রাখেন। তাঁরা হুঁশিয়ারি দেন যে, দ্রুত দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন