সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৪ মে) বিকেলে লাখাই-সরাইল আঞ্চলিক মহাসড়কের বুড়িশ্বর ইউনিয়নের পাতাইরা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ধরমন্ডল ইউনিয়নের রফিক মিয়ার ছেলে। এই দুর্ঘটনায় সাইফুলের দুই সহপাঠী মো. মোজাহিদ মিয়া (২৪) ও মো. নয়ন মিয়া (২৬) গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নাসিরনগর থানার উপ-পরিদর্শক সোহেল সিকদার জানান, অতিরিক্ত গতি এবং হেলমেট না থাকায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ.আই.এল/সকালবেলা