‘শতভাগ গ্যারান্টি দিতে পারি, আম্পায়ারিংয়ে কোনো অভিযোগ পাবেন না’

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ণ
‘শতভাগ গ্যারান্টি দিতে পারি, আম্পায়ারিংয়ে কোনো অভিযোগ পাবেন না’

ক্রীড়া প্রতিবেদক: ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আজ সোমবার (৪ মে ২০২৬) থেকে মাঠে গড়িয়েছে। উদ্বোধনী দিনে ঢাকার ৬টি ভেন্যুতে খেলা শুরু হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির অ্যাডহক কমিটির পরিচালক রফিকুল ইসলাম বাবু। এ সময় তিনি লিগের স্বচ্ছতা ও আম্পায়ারিং নিয়ে বড় প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। তবে এবার আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্ন উঠবে না বলে দাবি করেন রফিকুল ইসলাম বাবু। তিনি বলেন, “আগে কী হয়েছে জানি না, তবে এখন কোনো ধরনের অভিযোগ আপনি পাবেন না। নিশ্চিন্তে, এটা আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি। মাঠে খেলাগুলি যেন ফেয়ার (স্বচ্ছ), সুন্দর ও আকর্ষণীয় হয়, আমরা সেই ব্যবস্থাই করব।”

কোনো নির্দিষ্ট ক্লাবকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে তিনি জানান, বিসিবির কাছে ১২টি ক্লাবই সমান। তিনি আরও বলেন, “আমি তখন বেশি খুশি হবো, যখন পয়েন্ট টেবিলের নিচের দিকের দলগুলো শীর্ষ দলগুলোকে হারিয়ে দেবে। ছোট দলগুলো ভালো খেললেই বাংলাদেশের ক্রিকেট এগোবে।”

চলমান পরিস্থিতিতে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে অনিশ্চয়তা ছিল। এ প্রসঙ্গে বাবু বলেন, “এই লিগ না হওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য লজ্জার ব্যাপার হতে পারতো। আলহামদুলিল্লাহ, একটু দেরিতে হলেও আমরা শুরু করতে পেরেছি।”

বিসিবির এই শীর্ষ কর্তার এমন মন্তব্যে ক্রিকেট প্রেমীদের মধ্যে লিগের স্বচ্ছতা নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। এখন দেখার বিষয়, মাঠের পারফরম্যান্সে আম্পায়ারিং কতটা বিতর্কমুক্ত থাকে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন