আন্তর্জাতিক ডেস্ক | মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। তেহরানের দাবি, তারা কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের একটি স্থায়ী ও টেকসই সমাধান চায়। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটন তেহরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা ১৪ দফা পরিকল্পনা জমা দিল। পুরো কূটনৈতিক প্রক্রিয়াটি পাকিস্তান সরকারের মধ্যস্থতায় পরিচালিত হচ্ছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, “চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে আমরা পরিকল্পনা জমা দিয়েছি। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা কূটনীতি বেছে নেবে নাকি সংঘাত—সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য দুই মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান তা নাকচ করে দিয়েছে। তেহরানের দাবি, যাবতীয় সমস্যার সমাধান আগামী ৩০ দিনের মধ্যে করতে হবে।
নতুন এই শান্তি পরিকল্পনায় ইরান বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো: ভবিষ্যতে কোনো প্রকার সামরিক আগ্রাসন না চালানোর লিখিত নিশ্চয়তা। ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে সকল মার্কিন বাহিনী প্রত্যাহার। ইরানের ওপর থেকে নৌ-অবরোধ ও যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। বিদেশে জব্দ করা ইরানের সকল সম্পদ অবিলম্বে ফেরত দেওয়া।
লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান উত্তেজনা নিরসনেও এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।