মোঃ কারিমুল ইসলাম, মোংলা প্রতিনিধি: পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, উপকূলের সুবিধাবঞ্চিত সকল মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে।
শনিবার (২ মে) দুপুরে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, মোংলা, রামপাল, শরণখোলাসহ উপকূলীয় সব এলাকায় সুপেয় পানির ব্যবস্থায় কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “প্রাকৃতিকভাবে এই সমস্যার সমাধানের লক্ষ্যে সরকারি পুকুর সংস্কার এবং বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে বৃষ্টির পানি ট্যাংকিতে জমানোর ব্যবস্থা করা হচ্ছে।”
সংলাপে জানানো হয়, উপকূলের ৭৩ শতাংশ মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত এবং মোংলার ৬৫ শতাংশ মানুষের পানি সংগ্রহের কোনো ব্যবস্থা নেই। বক্তারা সুপারিশ করেন যে, বাংলাদেশ পানি আইন অনুযায়ী উপকূলীয় অঞ্চলকে 'পানি সংকটাপন্ন এলাকা' ঘোষণা করতে হবে এবং জেলা পরিষদের পুকুরগুলো ইজারা বাতিল করে খাবার পানির জন্য উন্মুক্ত করতে হবে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিডার্স-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ.আই.এল/সকালবেলা