মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ মোঃ শরিফুল ইসলাম শরিফ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১ মে) রাতে কাঁকনহাট বাজার সংলগ্ন খাদ্য গুদামের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা ডিবির একটি দল সাফিনা পার্ক এলাকায় মাদকবিরোধী অভিযানে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাঁকনহাট খাদ্য গুদামের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফ আলীর নেতৃত্বে রাত সোয়া ১টার দিকে সেখানে অভিযান চালিয়ে শরিফুলকে আটক করা হয়। এ সময় তাঁর প্যান্টের পকেট থেকে একটি পলিথিনে মোড়ানো ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শরিফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা