ডেস্ক রিপোর্ট বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ প্রায় দেড় বছরের ভিসা সংক্রান্ত টানাপড়েনের অবসান ঘটতে যাচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ হিসেবে খুব শীঘ্রই পুরোদমে ভিসা কার্যক্রমে ফেরার প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। শনিবার (২ মে) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই ইতিবাচক তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে তাদের পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়টি আলোচনার তালিকার শীর্ষে ছিল। বর্তমানে দিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাইসহ বাংলাদেশের সবকটি ভিসা কেন্দ্র চালু রয়েছে। ফলে ঢাকার পক্ষ থেকে দিল্লির প্রতি একই ধরনের দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ একটি গণমাধ্যমকে জানান, গত বছরের ডিসেম্বরে ভারতের কিছু কেন্দ্রে কারিগরি ও অন্যান্য কারণে ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল। তবে গত ফেব্রুয়ারি থেকে সেগুলো পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে প্রক্রিয়াটি আরও সহজতর করার কাজ চলছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে আরও লিখেছে, বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পরেই এই সেবা পুরোদমে চালু হতে পারে। কূটনৈতিক মহলের মতে, এটি দুই দেশের সাধারণ মানুষের যাতায়াত এবং ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
উল্লেখ্য, ভিসা জটিলতার কারণে গত দেড় বছর ধরে চিকিৎসা, শিক্ষা ও পর্যটন খাতে দুই দেশের সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিশেষ করে ভারতগামী রোগীদের জন্য এটি একটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছিল। পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালু হওয়ার খবরে দুই দেশেই সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।