মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ): মুন্সিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২ মে) দুপুরে সদর উপজেলার মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলাজুড়ে মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে একটি দল মহেশপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে শাকিল বেপারী (২৭) নামের এক যুবককে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার শাকিল মহেশপুর এলাকার আমিনুল হকের ছেলে।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধিন রয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। একই সাথে অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ.আই.এল/সকালবেলা