এএইউবিকে ঘিরে বদলে যাবে লালমনিরহাট: ত্রাণমন্ত্রী

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ণ
এএইউবিকে ঘিরে বদলে যাবে লালমনিরহাট: ত্রাণমন্ত্রী

মানজুরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি: অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় লালমনিরহাট ক্যাম্পাসে উদ্‌যাপিত হয়েছে। 

শনিবার (২ মে) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ অবকাঠামোর আমূল পরিবর্তন আসবে। তিনি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও গবেষণাগার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং দেশের অ্যারোস্পেস খাতে নতুন দিগন্তের সূচনার আশা ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এএইউবি থেকে অ্যাভিয়েশন বিষয়ক ম্যাগাজিন “SPACE & BEYOND” প্রকাশ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়টি ২০২২ সালের ৩ জুলাই থেকে লালমনিরহাট ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে এখানে ৪টি অনুষদের অধীনে ৯টি স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন