মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ময়মনসিংহ জেলা ইউনিটের সভাপতির দায়িত্ব লাভ করায় সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের সভাকক্ষে সংগঠনের কর্মকর্তা ও যুব সদস্যরা এই অনুষ্ঠানের আয়োজন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “রেড ক্রিসেন্ট মানবতার প্রতীক। দুর্যোগ ও যেকোনো মানবিক সংকটে এই সংগঠনের কর্মীরাই সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। ময়মনসিংহ জেলা ইউনিটকে আরও আধুনিক ও জনমুখী প্রতিষ্ঠানে রূপ দিতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।”
তিনি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীদের প্রশংসা করে বলেন, তাদের উদ্যম ও স্বেচ্ছাসেবী মনোভাব সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শহর থেকে শুরু করে সীমান্তবর্তী দুর্গম এলাকা পর্যন্ত রেড ক্রিসেন্টের সেবা পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হুদা এবং জেলা রেড ক্রিসেন্টের ইউএলও হায়দার আলীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা