দেশজুড়ে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

রকিব মুহাম্মদ
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ণ
দেশজুড়ে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

নিজস্ব প্রতিবেদক | আশির দশকের সেই কালজয়ী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’ এবার ফিরে এলো ক্রীড়াঙ্গনের রূপরেখা নিয়ে। দেশের শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্য নিয়ে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’। শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহাযজ্ঞের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার বাস্তবায়নে এই কর্মসূচি হাতে নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদফতর এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করছে।

প্রাথমিকভাবে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে এই প্রতিযোগিতা সাজানো হয়েছে। মোট আটটি জনপ্রিয় ইভেন্টে চলবে এই অন্বেষণ প্রক্রিয়া। ইভেন্টগুলো হলো: ফুটবল ও ক্রিকেট, কাবাডি ও অ্যাথলেটিক্স, দাবা ও ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "আমাদের লক্ষ্য কেবল বড় শহরগুলো নয়, বরং প্রতিটি গ্রাম ও জনপদ থেকে বিশ্বমানের অ্যাথলেট তৈরি করা। আজকের এই নতুন কুঁড়িরাই আগামীর বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।"

সিলেটের প্রধান অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জসহ দেশের ৬৪টি জেলার মাঠগুলোর সাথে যুক্ত হন। এ সময় সারা দেশের স্টেডিয়ামগুলোতে হাজারো কিশোর-কিশোরীর উল্লাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই কর্মসূচিকে ‘যুগান্তকারী’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, "নতুন কুঁড়ি স্পোর্টস ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ খেলোয়াড় তৈরিতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এটি কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং রাষ্ট্রীয়ভাবে প্রতিভাদের লালন করার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া।"

সংশ্লিষ্টরা মনে করছেন, তৃণমূল পর্যায় থেকে সঠিক পদ্ধতিতে খেলোয়াড় বাছাই এবং তাদের আধুনিক প্রশিক্ষণের আওতায় আনার এই উদ্যোগ দেশের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন প্রাণসঞ্চার করবে। বিশেষ করে গ্রামীণ জনপদের অবহেলিত প্রতিভাদের জন্য এটি একটি স্বর্ণালী সুযোগ হিসেবে কাজ করবে।

মন্তব্য করুন