তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে পুকুর খনন করার সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেল সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে গত দুই দিন ধরে দুর্ঘটনাস্থল পাহারা দিচ্ছে পুলিশ ও আনসার বাহিনী।
গত শুক্রবার সকালে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আগ্রা সিয়পুর গ্রামে মৃত আব্দুল হকের ছেলে মহসিন আলীর পুকুর পাড় বাঁধার কাজ চলছিল। এ সময় মাটির নিচে শক্ত লোহার বস্তু কোদালের মুখে লাগে। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বস্তুটি উদ্ধার করার পর এটি মর্টার শেল হতে পারে বলে অনুমান করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বস্তুটির দৈর্ঘ্য প্রায় ৯ ইঞ্চি ৬ সুতা এবং বেড় প্রায় ৬ ইঞ্চি।
খবর পেয়ে বিরল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। বর্তমানে সেখানে পুলিশ ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। মর্টার শেলটি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-ইমরান জানান, মর্টার শেলটি জব্দ করা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মোতায়েন রয়েছে। এটি নিষ্ক্রিয় করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ.আই.এল/সকালবেলা