সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ত্রিবর্দী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শনিবার (২ মে) রাতের প্রথম দিকে দ্রুতগামী একটি আনারস বোঝাই মিনি ট্রাক সামনে থাকা অজ্ঞাতনামা একটি গাড়িকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বরিশালের মুলাদী থানার সিকান্দর আলীর ছেলে ট্রাকচালক মোহাম্মদ আলী (৩৬) এবং খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার খালেক খলিফার ছেলে ফল ব্যবসায়ী মনির হোসেন (৩২)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে সিজোনাল ফল আনারস বোঝাই করে মিনি ট্রাকটি রাজধানীর দিকে যাচ্ছিল। পথে ত্রিবর্দী এলাকায় অবস্থিত চৈতি কম্পোজিটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সামনের একটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর থেকে লাশ দুটি উদ্ধার করে। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, ঘাতক অজ্ঞাত গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন