মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ণ
মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা মো. মহিউদ্দিন (৪২) নিহত হয়েছেন। স্থানীয়ভাবে তিনি ‘ক্যাবল মহিউদ্দিন’ নামে ব্যাপকভাবে পরিচিত ছিলেন।

আজ শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে ভাটিয়ারীসহ পুরো সীতাকুণ্ড এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল চালিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় মাদামবিবিরহাট বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন মহিউদ্দিন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তাঁর একটি হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারাত্মক জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

বারআউলিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মাদামবিবিরহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মহিউদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ঘাতক হিসেবে একটি ট্রাক ও একটি মাইক্রোবাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে হাইওয়ে পুলিশের তদন্ত চলছে।”

নিহত মহিউদ্দিন ভাটিয়ারী স্টেশন রোডের ‘সততা ফার্মেসী’ ভবনের স্বত্বাধিকারী ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এলাকার মানুষের কাছে তিনি একজন সৎ, অত্যন্ত বিনয়ী ও পরোপকারী মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন।

তাঁর এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। এক যৌথ শোকবার্তায় তিনি বলেন, “মহিউদ্দিন ছিলেন সংগঠনের একজন নিবেদিতপ্রাণ, সৎ ও অত্যন্ত কর্মঠ কর্মী। ব্যক্তিগত জীবনেও তিনি মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন বিশ্বস্ত ও দায়িত্বশীল সহযোদ্ধাকে হারালাম। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন