শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ণ
শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকালে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, এই বৈঠকের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করা। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। এছাড়া, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বৃহস্পতিবার দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া সফরকালে প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেন এবং চীনের বিভিন্ন বড় শিল্পগোষ্ঠীর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, সফরকালে প্রধানমন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের সঙ্গেও দলীয় পর্যায়ে বৈঠক করেছেন। এছাড়া এলিট ফোর্সকেও আইনি কাঠামোর আওতায় সংস্কার করার পরিকল্পনা রয়েছে বলে সফরসূত্রে জানা গেছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন